বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
নুসরাত তাবাসসুম। ফেসবুক থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটি ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!
তিনি আরও বলেন, আসলে কয়েক কোটি টাকার রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না। যাই হোক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না।
নুসরাত তাবাসসুম আরও বলেন, কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?
আমার সাতজন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?’
পোস্টের শেষাংশে তিনি ‘ছিঃ’ লিখে ক্ষোভ প্রকাশ করেন।

