রাশেদ খাঁনের ক্ষোভ
হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘ফালতু’ মন্তব্যে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, ‘২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী লড়াই-সংগ্রাম করার পরও জামায়াতের আমিরের কাছে ‘ফালতু’ হয়ে গেলাম। অথচ দীর্ঘ এক দশকের বেশি সময় আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থাকার পরও জামায়াত-শিবিরের লোকজন হয়ে গেছে আমাদের চেয়ে বেশি যোগ্য ও ত্যাগী।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন লেখেন, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই যখন সালমান পরিচয়ধারী সাদিক কায়েম সম্পর্কে তথ্য তুলে ধরেছিলেন, সেগুলো জামায়াত-শিবিরের কাছে সত্য ছিল। আর এখন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য যখন তিনি তুলে ধরেছেন, তখন সেটি হয়ে গেছে মিথ্যা! আমরা তো সাদিক কায়েমকে চিনলামই জুলকারনাইন সায়ের ভাইয়ের মাধ্যমে।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় তিনি একের পর এক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছেন। এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক কারণে না হয় আমার তথ্য আপনি চ্যালেঞ্জ করলেন, কিন্তু জুলকারনাইন সায়ের ভাইয়ের তথ্য কেন এখনো চ্যালেঞ্জ করছেন না?
তিনি আরও বলেন, আমি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী লড়াই-সংগ্রাম করার পরও জামায়াতের আমিরের কাছে ‘ফালতু’ হয়ে গেলাম। অথচ দীর্ঘ এক দশকের বেশি সময় আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থাকার পরও জামায়াত-শিবিরের লোকজন হয়ে গেছে আমাদের চেয়ে বেশি যোগ্য ও ত্যাগী।
রাশেদ খাঁন বলেন, যে কারণে এ কথা বলতেই হয়, মানসিক বিকলাঙ্গ না হলে জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে অসংসদীয় শব্দ ‘ফালতু’ উচ্চারণ করে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না। এটা একমাত্র বটবাহিনীর লিডারের পক্ষেই সম্ভব। পুরো দলটির আগা থেকে মাথা পর্যন্ত সবার চরিত্র কেমন, সেটা গতকালই তিনি প্রমাণ করেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন জনসভায় অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা গোপনে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ অভিযোগকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগটি অস্বীকার করেন। একই সঙ্গে রাশেদ খাঁনকে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন তিনি।

