Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পরও বিরোধীদলীয় নেতার এমন সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করে জনগণ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গতকাল মাননীয় বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার বক্তব্য জানতে চেয়েছেন। সেই প্রেক্ষাপটে এই মহান সংসদে আমি ৩০০ বিধিতে আমার বক্তব্য পেশ করছি।’

বিরোধীদলীয় নেতার আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর বিরোধীদলীয় নেতা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তারা তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন-জুলুম চালিয়েছে, শর্তহীনভাবে কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, তা যৌক্তিক নয় এবং গ্রহণযোগ্য নয় বলে দেশবাসী মনে করে। গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি।’

তিনি আরও বলেন, ‘একই বছরের ১৩ নভেম্বর ২০২৪ সালে লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি (বিরোধীদলীয় নেতা) বলেছিলেন—‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে অগ্নিসন্ত্রাসের কাণ্ড চলছে, তার ইতিবৃত্ত বলছি। এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মনে আছে, ২০০৪ সালের ৪ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের ঢাকা হরতালে শাহবাগের তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তৎকালীন গণমাধ্যমের স্থিরচিত্রে দেখা যায়, জানালার গ্রিল ধরে মানুষ বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেননি। সেখানে অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ১১ জন মারা যান।’

এ ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারবেন। ফ্যাসিবাদী গোষ্ঠীর একজন সদস্য, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দি এখনো ইউটিউবে পাওয়া যায়। কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, তা সেখানে রয়েছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সময় এটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল, এখনো বিদ্যমান।’

সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়। সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন।’

জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ

অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম