সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
বেনজীর আহমেদের ওপর সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমিরাত সাবেক এই আইজিপির জামিনে মুক্তি ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আনুষ্ঠানিক তথ্য বাংলাদেশকে দিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এ সংক্রান্ত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৯ সেপ্টেম্বর আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) পাঠানো চিঠিতে জানানো হয়, আমিরাতের সরকারি কৌঁসুলির আদেশে বেনজীর জামিনে মুক্ত হয়েছেন। তবে তাকে বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না।
তিনি জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে। সেই অনুরোধ পর্যালোচনার পর আমিরাত দুই দফায় অতিরিক্ত তথ্য ও আইনি নথি চেয়েছে। বাংলাদেশ সেসব নথি পাঠানোর ব্যবস্থা নিয়েছে।
দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ধরতে ২০২৫ সালের ১১ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল।
গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীরের গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। ১৪ জুন জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
গেল ৩০ জুলাই তিনি সেখানে জামিনে মুক্তি পান। ২ আগস্ট দেশের কয়েকটি সংবাদমাধ্যম এ খবর দেয়।
গত ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের আনা ওই প্রস্তাবে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে দেশে ফেরাতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত সংসদকে জানানোর কথা বলা হয়।
সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংসদে সরকারের নেওয়া পদক্ষেপের বিবরণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
লিখিত বিবৃতিটি দীর্ঘ হওয়ায় এর গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শোনানোর অনুমতি চান সালাহউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার অনুমতি দিলে তিনি সংক্ষিপ্ত আকারে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
গ্রেফতারের চার দিনের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ
স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধে বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়।
২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। এর নম্বর A-5174/4-2025।
বেনজীর আহমেদের গ্রেফতার তথ্য জানানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ২০০৬ সালের ৩৯ নম্বর ফেডারেল আইনের ১১ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে বলেছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার অপেক্ষা করেনি। গ্রেফতারের খবর পাওয়ার চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়।
প্রত্যর্পণ হল-বিচারের জন্য কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আইনি প্রক্রিয়া।
একই দিন তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য অনুরোধের একটি অনুলিপি আবুধাবির এনসিবিতেও পাঠানো হয়।
দুই দফায় অতিরিক্ত নথি চেয়েছে আমিরাত
বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার পর গত ৮ জুলাই আমিরাতের বিচার মন্ত্রণালয় চারটি বিষয়ে অতিরিক্ত তথ্য ও নথি চায়।
এসব নথি প্রস্তুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ এবং ঢাকার এনসিবি একসঙ্গে কাজ করে।
এরপর ২ আগস্ট ঢাকার এনসিবি আবুধাবির এনসিবিকে বেনজীরের ওপর নজরদারি বজায় রাখার অনুরোধ জানায়।
একই সঙ্গে দেশটির সব অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে সতর্কতা বজায় রাখা, বেনজীরের অবস্থান নিশ্চিত করা এবং তার আইনি বা অভিবাসনসংক্রান্ত অবস্থার পরিবর্তন হলে দ্রুত বাংলাদেশকে জানাতে বলা হয়।
আমিরাতের চাওয়া চারটি বিষয়ে অতিরিক্ত তথ্য ও সহায়ক নথি ৪ অগাস্ট কূটনৈতিক মাধ্যমে পাঠানো হয়।
পরে ২২ আগস্ট আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আরও সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা চায়।
এর মধ্যে ছিল বাংলাদেশের আইনে মামলা দায়েরের নির্ধারিত সময়সীমা এবং দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা। সংশ্লিষ্ট আইনের পূর্ণাঙ্গ পাঠও চাওয়া হয়।
এসব তথ্য ও নথি পাঠানোর জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইন ও বিচার বিভাগের আইনি মতামত ১ সেপ্টেম্বর অনুমোদিত হয়। পরদিন ২ সেপ্টেম্বর দুদকের মতামত পাওয়া যায়।
এরপর প্রয়োজনীয় সত্যায়ন, আরবি অনুবাদ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ৮ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে নথি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।
‘প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধ হয়নি’
বেনজীরের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর আবুধাবির এনসিবি থেকে পাওয়া চিঠিতে তার জামিনে মুক্তি ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।
আমিরাতের সরকারি কৌঁসুলির আদেশে বেনজীর জামিন পেয়েছেন। তবে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
চলমান প্রত্যর্পণ কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি আমিরাত ছাড়তে পারবেন না বলে চিঠিতে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত আমিরাতের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এর অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান করা হয়েছে, এমন নয়।
তিনি বলেন, কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি বা কোনো ব্যক্তিকে গ্রেফতার করলেই তাকে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে ফেরত পাঠানো যায় না।
তিনি বলেন, আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত দেশটির আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণ এবং অন্যান্য আইনি শর্ত বিবেচনা করা হয়।
প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি ধাপগুলো শেষ করতে সময় লাগাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বেনজীরকে ফেরাতে বাংলাদেশ স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সংসদে সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ প্রেরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে। স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।
বিদেশে বেনজীরের সম্পদের তথ্য চেয়েছে দুদক
বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠানো হয়েছে।
এ প্রক্রিয়ায় এক দেশের তদন্তকারী সংস্থা অন্য দেশের কর্তৃপক্ষের কাছে তদন্ত ও বিচারকাজে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ চেয়ে থাকে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি দমন কমিশন কর্তৃক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহে এমএলএআর প্রেরণ করা হয়েছে।
বিদেশ থেকে নথি ও তথ্যপ্রমাণ পাওয়া গেলে বেনজীর ও তার পরিবারের সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার নিয়ম অনুসরণ করা হবে।
তবে কোন কোন দেশে এসব অনুরোধ পাঠানো হয়েছে এবং কত সম্পদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়নি।
পাসপোর্ট জালিয়াতির মামলাও তদন্তাধীন
বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুদকের করা একটি মামলার তথ্যও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বলেন সালাহউদ্দিন আহমদ।
বেনজীরের বিরুদ্ধে মামলার পটভূমি
আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বও পালন করেন।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন তিনি।
২০২৪ সালের মার্চে গণমাধ্যমে বেনজীর ও তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দুর্নীতির অভিযোগ সামনে আসে।
পরে তার সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের অনুসন্ধানে বেনজীর ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, রিসোর্ট, কোম্পানির শেয়ার ও ব্যবসায়িক বিনিয়োগের তথ্য উঠে আসে।
আদালতের নির্দেশে এসব সম্পদের একটি অংশ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
২০২৪ সালের ৪ মে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দেশ ছাড়েন বেনজীর।
পরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার একটিতে তার বিচারও শুরু হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে একই বছরের ১১ এপ্রিল ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়।




