|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেন, ওয়াশিংটনের সময় এসেছে তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়ার।
একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলেও দাবি করেন। রেজাই যুক্তরাষ্ট্রকে ‘কাল্পনিক আলোচনার খবর প্রচার’ বন্ধেরও আহ্বান জানান।
এ পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধের সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র এখনই সংঘাত পুরোপুরি শেষ করছে না; বরং ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আলজাজিরা জানায়, ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক অভিযান ও অবরোধ দিয়ে ইরানে যুদ্ধ শেষ করা যাবে না; যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের দাবি ও শর্ত পূরণ করতে হবে। তিনি দুই দিনের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন।
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও কঠোর বার্তা এসেছে। সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া বিবৃতিতে রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের সরকার ইতোমধ্যে বড় ধরনের সংকটে পড়েছে। কিন্তু ওয়াশিংটন এখনো পরিস্থিতি স্বীকার না করে কাল্পনিক আলোচনার খবর প্রচার করছে।
তার ভাষায়, যুক্তরাষ্ট্রের উচিত তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়া এবং পশ্চিম এশিয়ায় নতুন বাস্তবতা মেনে নেওয়া।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা; জব্দ সম্পদ মুক্ত করা; তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার; নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া; অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার; সর্বশেষ যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করা।
ইরানের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত বাস্তবায়নের আগে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর প্রশ্ন নেই।
এদিকে সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী সামাজিকমাধ্যমে জানান, আঞ্চলিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সমঝোতায় পৌঁছানো ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখছে। ট্রাম্পের এ অবস্থানের অর্থ হলো—ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত সীমিত থাকলেও দেশটির ওপর চাপ অব্যাহত থাকবে। তবে প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আপাতত সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন না তাঁরা। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত।
সৌদিতে একাধিক বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়ছে সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
এর আগে সোমবার সৌদির মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটে। এতে সীমিত অগ্নিকাণ্ড হলেও পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য এই পাইপলাইনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র একদিকে সামরিক সংঘাত কমানোর ইঙ্গিত দিলেও অন্যদিকে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। আর তেহরান বলছে, সাতটি শর্ত পূরণ না হলে যুদ্ধের স্থায়ী অবসান কিংবা আলোচনায় ফেরার সুযোগ নেই।
