Logo
Logo
×

Advertisement

জাতীয়

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। সংগৃহীত ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন—ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তার এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে হাসিনার সেই ঘোষণার পর থেকে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুটা উদ্বুদ্ধ হয়েছেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বেড়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রশ্ন উঠেছে, এটি কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি বলেন, ‘হাসিনা আর দেশে ফিরবেন না।’

তবে হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রভাব আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা দলটির নেতা-কর্মীদের একটি অংশ নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ঝটিকা মিছিল বেড়েছে। এসব ঘটনায় ধরপাকড় ও গ্রেফতারের সংখ্যাও বাড়ছে।

বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমালোচনা করছেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে নিরাপদে অবস্থান করছেন। অথচ দেশে ফেরার ঘোষণা দিয়ে তারা দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। মিছিল-সমাবেশে অংশ নিতে গিয়ে গ্রেফতার ও মামলার মুখে পড়তে হচ্ছে দলটির অনেক নেতা-কর্মীকে।

তবে আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। ভারতে অবস্থানরত দলটির এক নেতা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেছেন, শেখ হাসিনার বয়স এখন ৭৮ বছর। এই বয়সে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় থাকার সুযোগ সীমিত। ফলে দেশে রাজনৈতিকভাবে ফিরে আসতে তিনি বড় ধরনের ঝুঁকি নিতেও প্রস্তুত।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতও বিবিসি বাংলাকে বলেছেন, প্রতিকূল পরিস্থিতি থাকলেও ডিসেম্বরেই দেশে ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্য সামনে রেখে সারা দেশে দলকে সাংগঠনিকভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরাফাতের মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা বিএনপি সরকারের জন্য সহজ হবে না। তবে তিনি মনে করেন, শেখ হাসিনা নিজের ঘোষিত পরিকল্পনা অনুযায়ীই দেশে ফিরবেন।

এদিকে সোমবার রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে দেখা গেছে, শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।

তবে দেশে ফিরলেই শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সব মিলিয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে তার দেশে ফেরার পরিকল্পনার একটি বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ভারত থেকে প্রত্যাবর্তন, আইনি জটিলতা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি—সবকিছু মিলিয়ে ডিসেম্বরের ঘোষণাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা এখনো অনিশ্চিত।

এদিকে শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের প্রতিক্রিয়ায় সোমবার তিনি বলেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

 ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না’—যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও শুনেছি, টেলিভিশন স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কিনা, যথাযথভাবে করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার আছে কিনা, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিভিন্ন স্থানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

আরও পড়ুন

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম