অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন বলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যে অভিযোগ তুলেছেন, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে জমা দেওয়া উচিত। অন্যথায় সংসদে দেওয়া এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেক সদস্যের ভাষা ব্যবহারে সংযত থাকা প্রয়োজন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অর্থের বিনিময়ে সংসদ সদস্যদের সুপারিশের কথা বলেছেন, যা সঠিক নয়। তার দাবি, এই তথ্য সম্পূর্ণ অসত্য।
চিফ হুইপ আরও বলেন, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও জমা দিতে পারেন। তবে প্রমাণ ছাড়া এমন বক্তব্য সংসদের কার্যবিবরণীতে রাখা উচিত নয়। এ কারণে বক্তব্যটি বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি অনুরোধ জানান তিনি।
সারের ডিলার নিয়োগের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।
তিনি জানান, সংসদের ওই সিদ্ধান্তের ভিত্তিতেই কৃষিমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেছেন। তবে প্রজ্ঞাপনে কোনো ধরনের অসংগতি বা ভুল থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব। প্রয়োজনে প্রজ্ঞাপনে সংশোধন এনে এমন ব্যবস্থা করা উচিত, যাতে সংশ্লিষ্ট সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।

