Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

Advertisement

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে দলটির প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্যে রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন।

দেশে মবের কোনো অস্তিত্ব থাকবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যেন আর না ঘটে, সেজন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, এই ১৬টিও যেন না হয়, আমরা সেজন্য চূড়ান্ত ব্যবস্থা নেবো। দেশে কোনো মব থাকতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, নাকি উন্নতি হয়েছে, তা স্পষ্ট হবে। তার দাবি, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়।

তিনি বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। এ প্রসঙ্গে জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না

অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ

অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম