নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজনৈতিক অবস্থান ফিরে পেতে সহিংসতার পথ বেছে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া যাবে না। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে নেমেছিলেন, তাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও সফল হবে না।
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি।
তাসনিম জারা লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। শুরুতেই এ ধরনের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।
পোস্টের শেষে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি প্রকাশ করে তাসনিম জারা লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’
