সুপরিকল্পিত হামলা, নিষিদ্ধ আ.লীগের কাজ: নুসরাত তাবাসসুম
কুষ্টিয়া ও দৌলতপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি। বৃহস্পতিবার তোলা ছবি -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামের বাড়িতে ‘অগ্নিসংযোগের’ ঘটনাকে একটি সুপরিকল্পিত হামলা এবং এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম। ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের ডাংমড়কা এলাকার বাগোয়ানে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, ‘এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত নন। এটি সুপরিকল্পিত হামলা এবং এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসও করছে।’ তিনি বলেন, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।
এর আগে বুধবার রাত ১২টার পর তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বলেন, বেশ কিছুদিন ধরেই অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পাওয়া একটি হুমকির কলসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে তিনি রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরপরও তার মোবাইলে হুমকি আসা বন্ধ হয়নি।
হামলার রাতের বর্ণনা দিয়ে এই সংসদ-সদস্য বলেন, ‘হামলার প্রায় তিন ঘণ্টা আগে পলাতক কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক ও হুমকিস্বরূপ পোস্ট দেওয়া হয়। এরপর বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের ধরন দেখে মনে হয়েছে, এটি পেট্রোলবোমা হামলা। নুসরাত তাবাসসুম জানান, আগুনে তার বাড়ির অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে। সেখানে থাকা গবাদিপশু মারা গেছে এবং কেয়ারটেকারের পরিবারের একটি শিশু আহত হয়েছে।
প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে আমাকে কিংবা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না। গত ১৭ বছরে এ দেশের মানুষ এ ধরনের অসংখ্য দমন-পীড়নের ঘটনা দেখেছে। তারই পরিণতিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ঘটেছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনে তার বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টম বলেন, আমরা নতুন বাড়িতেই এখন থাকি। এটি পুরাতন বাড়ি। এখানে গবাদিপশু রাখা হয় এবং যদি কোনো সময় আত্মীয়-স্বজন আসে তখন বাড়িটি ব্যবহার করা হয়। আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, গবাদিপশু মারা গেছে এবং সব মুরগি পুড়ে মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এর আগে বুধবার রাতে এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম আগুনের বিষয়টি আমাকে মুঠোফোনে জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, এনসিপি নেত্রীর দাবির সূত্রে ওই বাড়িতে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
একটি বসতবাড়িকে পরিত্যক্ত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-নুসরাত তাবাসসুম : এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংসদ-সদস্য নুসরাত তাবাসুম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না। যাই হোক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না। কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই। আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন? আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয় তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?’
