দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক!
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
রেজওয়ান ইসলাম মুকুল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্কুল জীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপর ইউনিয়ন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পদে। দল ক্ষমতায় থাকাকালীন ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। দুঃসময়েও দল ছেড়ে যাননি।
দলের সুসময়ে ভালো দিন যাওয়া, বিএনপি নেতা হয়ে দলের সামনের সারিতে থাকার কথা ছিল। কিন্তু সময়ের ব্যবধানে বদলে গেছে জীবনের বাস্তবতা। পরিবারের খরচ মেটাতে হিমশিম খেয়ে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এখন ইজিবাইক চালক।
বলছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের কথা। তিনি কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডল ছেলে।
জানা গেছে, ১৯৮৭ সালে ৮ম শ্রেণিতে পড়ার সময়ে ছাত্র রাজনীতে যোগদান করেন তিনি। এরপর বারবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব করেছেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৩ সালে ভোটের মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুকুল। সেই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমান উপজেলা বিএনপির সাবেক জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
এরপর আর রাজনীতিতে কোনো পদ পাননি। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ৭টি মামলা হয় তার নামে। হুলিয়া জারি হয় তার নামে। উপায় না পেয়ে ২০১৭ সালে পাড়ি দেন যশোরে। সেই থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরের পালবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।
৫ বছরে বয়সে বাবাকে হারান মুকুল। এরপর ভাইদের কাছে বড় হয়েছেন। মুকুলের দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে সাজিদ হাসান যশোরের সরকারি এমএম কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ও ছোট ছেলে সোয়াদ হাসান পুলিশ লাইন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
রেজওয়ান ইসলাম মুকুল বলেন, সততার সঙ্গে রাজনীতি করেছি। বিগত ১৭ বছর রাজনৈতিক মামলা-হামলা ও নানা প্রতিকূলতার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করেছি। ৫ আগস্টের পর অনেক টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু অবৈধ উপার্জন করি নাই। পরিবারের ভরণপোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে জীবিকার নতুন পথ বেছে নিতে হয়েছে। গ্রামের বাড়ির ২ বিঘা জমি বন্ধক দিয়ে যশোরে এসে একটি ইজিবাইক কিনে চালায়। এই ইজিবাইক চালিয়ে যা আয় হয় সেটা দিয়েই সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ মেটাতে হয়।
তিনি আরও বলেন, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ে আঘাত পেয়েছি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। প্রচণ্ড ব্যথা নিয়েই ইজিবাইক চালিয়ে যাচ্ছি। রোদ-বৃষ্টি, শারীরিক ক্লান্তি উপেক্ষা করে প্রতিদিন ইজিবাইক চালাতে হয়। নাহলে পরিবারের সদস্যদের মুখে খাবার জোটে না। আমার জীবন তো শেষই। নিজের কষ্টের চেয়েও বেশি ভাবায় সন্তানদের ভবিষ্যৎ। সন্তানদের চাকরির ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ আনোয়ার পরাগ বলেন, আমি ২০০৩ সালে কালীগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি ছিলাম। সেই সময়ে রেজওয়ান ইসলাম মুকুল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সততার সঙ্গে রাজনীতি করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার বেশ পরিচিতি আছে। কিন্তু দলের এই সুসময়ে মুকুল ভাইয়ের ভালো থাকার কথা ছিল। আশা করি বিএনপির অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান মুকুল ভাইয়ের দিকে সুদৃষ্টি দেবেন।
কথা হয় রেজওয়ান ইসলাম মুকুল যে কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সেই কমিটির সভাপতি হামিদুল ইসলাম হামিদের সঙ্গে। তিনি বলেন, রেজওয়ান ইসলাম মুকুল যশোরে ইজিবাইক চালায়। প্রথমে এটি তেমন কেউ জানতো না। এখন আস্তে আস্তে সবাই জানতে পারছে। রেজওয়ান ইসলাম মুকুলের এই কষ্টের কথা শুনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ দেখা করতে বলেছেন।
সর্বশেষ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, প্রায়ই রেজওয়ান ইসলাম মুকুলের সঙ্গে কথা হয়। কিন্তু তিনি যে ইজিবাক চালান সেটি আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিগত আন্দোলন সংগ্রামের সময় ছাত্রদল-যুবদলের অনেক নেতাকর্মী গার্মেন্টসের শ্রমিক, ইজিবাইক, রিকশা চালিয়ে জীবনযাপন করেছে। দলের সুসময়ে আশা করি ত্যাগী, পরিশ্রমী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন। আর রেজওয়ান ইসলাম মুকুল ভাইয়ের জন্য আমার অবস্থান থেকে তার পাশে থাকার চেষ্টা করব।
