Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

ছবি: সংগৃহীত

Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এদিকে মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করলেও এখনো নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান মেলেনি।

চিকিৎসকের কাছে যাওয়ার পথে নিখোঁজ

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট চিকিৎসক দেখানোর উদ্দেশে অটোরিকশায় বাড়ি থেকে বের হন নাসিমা বেগম। একই অটোরিকশায় তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড় এলাকায় বাথরুমের চাপ অনুভব করলে নাসিমা অন্যদের চলে যেতে বলেন। পরে রাস্তার পাশে তার ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে তাকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়।

সর্বশেষ আন্ধারীরঝাড় বাজারমোড়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের পর মিলেছে রহস্যজনক তথ্য

নাসিমা বেগম নিখোঁজের ৮ থেকে ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। 

তবে পরে অবস্থান পরিবর্তন করে মিজানুর জানান, অন্য একটি মেয়েকে পাওয়া গেছে, যিনি নাসিমা বেগম নন।

অন্যদিকে, পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামে এক ব্যক্তি দাবি করেন, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পাশের একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন তিনি। এ তথ্য পেয়ে নাসিমার ছেলে নাসিম মিয়া ওই বাড়িতে যাওয়ার আগেই তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। পরে সন্দেহভাজন ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।

দিল্লিতে বিয়ে, সম্প্রতি দেশে স্থায়ী বসবাস শুরু

নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে তিনি ভারতের দিল্লিতে যাতায়াত করতেন। ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমার বাপের বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিক হিসেবে এ দেশেই বসবাস করছিলেন।

সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়নসহ নানা জটিলতার কারণে গত কুরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির সব সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন তারা।

মায়ের অপেক্ষায় ১২ দিন দিল্লিতে ছিলেন ছেলে

নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট তার মা নিখোঁজ হওয়ার সময় জীবিকার প্রয়োজনে তিনি দিল্লিতে ছিলেন। মায়ের নিখোঁজের খবর পেয়ে ১২ দিন পর্যন্ত দিল্লিতে অপেক্ষা করেন তিনি। এ সময় সেখানে অবস্থানরত মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ৩০ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন।

পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন তিনি। নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।

নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, জীবিকার তাগিদে দিল্লিতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন তিনি। জমা করা ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থসংকট দেখা দিলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ভারতে যাতায়াত ও ব্যবসা করার পর কিছুদিন আগে সপরিবারে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

তিনি বলেন, তার স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। সেই মানুষটি হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রীকে ফিরে পেতে চান তিনি।

ইউপি সদস্যের উদ্বেগ, পুলিশের তদন্ত চলছে

রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তার সন্ধান বের করতে না পারা অত্যন্ত আশ্চর্যজনক।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি মো. এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাদী অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। নিখোঁজ নারীকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চলছে।

বর্তমানে নিরুপায় পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রাখছে। নাসিমা বেগমকে খুঁজে পেতে প্রশাসনসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে পরিবারটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, অতঃপর...

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, অতঃপর...

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আরও পড়ুন

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত

‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত

যুগান্তরে সংবাদ প্রকাশ সেই সাবেক ছাত্রদল নেতার পাশে জেলা প্রশাসক

সেই সাবেক ছাত্রদল নেতার পাশে জেলা প্রশাসক

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম