দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের উলিপুরে দুই বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামের এক অফিস সহায়কের বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি।
এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের শুরুর দিকে অফিস সহায়ক পদে যোগদান করেন নজরুল ইসলাম। ওই বছরের নভেম্বর মাসে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি হন তিনি। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম ও অফিস সহায়ক নজরুল আপন মামা-ভাগনে। যোগদানের পর থেকে তিনি সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নজরুল ইসলাম বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিষয়টি গোপন রেখে ভাগনের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে আসছেন এবং বেতন-ভাতা উত্তোলনে সহায়তা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তিনি বিষয়টি তদন্ত করতে বিদ্যালয়ে যান।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস সহায়ক নজরুল ইসলাম অনুপস্থিত। শিক্ষার্থীরা জানায়- নজরুল ইসলাম নামের ওই কর্মচারী হাসিনা সরকারের পতনের পর থেকে বিদ্যালয়ে আসেন না। প্রধান শিক্ষক তার মামা হন বলেও জানায় শিক্ষার্থীরা।
এ সময় এলাকাবাসী এনামুল হক (৭০), মাঈদুল ইসলাম (৩৮), হারুন মিয়া (৩৫), সিরাজুল ইসলাম (৪০), শাহজামাল (৩২), নান্নু মিয়া (৩২), মানিক মিয়াসহ (৪০) অনেকেই অভিযোগ করেন, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরী মিলিয়ে ৬ জন এ প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক ভাগনেকে বাঁচাতে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিচ্ছেন এবং প্রতি মাসের বেতন-ভাতা উত্তোলন করছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝেমধ্যে আসতেন। এখন কিছুদিন ধরে আসেন না।
অভিযোগকারী শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। এ অনিয়মের সুবিচারের আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত নজরুল ইসলাম পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম দাবি করেন, অফিস সহায়ক নজরুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত আসতেন। তবে চলতি নভেম্বর মাসেই তিনি অনুপস্থিত।
কী কারণে অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। তবে ছুটির আবেদনপত্র দেখতে চাইলে সেটি বাড়িতে রয়েছে বলে জানান তিনি। প্রতিষ্ঠানে ৬ জন আত্মীয়স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন অভিযোগ পেয়ে তদন্তে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
