‘তুই আমার বাপ, আর মারিস না’—আকুতির পরও যুবককে ছুরিকাঘাত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাউজানে ফেসবুকে ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে মোহাম্মদ মুরাদ নামের এক দোকানিকে প্রকাশ্যে তাড়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় ভয়ে ওই দোকানি বলেন- ‘তুই আমার বাপ, আর মারিস না’। কিন্তু এতেও থামেনি ওই যুবক।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুরাদকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আহত মুরাদ নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত হামলাকারী মুহাম্মদ সাব্বিরও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিকের সঙ্গে একই গ্রামের সাব্বিরের বিরোধ চলছিল। সম্প্রতি সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন মানিক। শনিবার রাতে ওই ভিডিওর বিষয় নিয়ে মুরাদের দোকানে মানিক ও সাব্বিরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর একটি ছোরা ও লোহার পাত নিয়ে মুরাদের দোকানে ফিরে আসেন সাব্বির এবং মানিকের খোঁজ করেন। একপর্যায়ে তিনি হামলার জন্য উদ্যত হলে মুরাদ দোকান থেকে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। সাব্বির তাকে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে মুরাদ একের পর এক দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন; কিন্তু পিছু না ছেড়ে তাকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাব্বির। এতে মুরাদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সাব্বির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাব্বির মুরাদকে ছুরিকাঘাত করতে করতে বলছেন, ‘তোর ভাই ভিডিও ডিলিট করবে কিনা বল, নইলে মেরে ফেলব।’
এ সময় মুরাদ প্রাণে না মারার আকুতি জানিয়ে বলেন, ‘তুই আমার বাপ, আমাকে আর মারিস না। আমি আমার ভাইকে বলব, ভিডিও ডিলিট করে দিতে। ওকে বিদেশে পাঠিয়ে দেব। আমাকে প্রাণে বাঁচতে দে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
