Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

মো. দেলোয়ার হোসেন মিয়া

Advertisement

ফরিদপুরের সালথা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া দলীয় পদসহ রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন নির্যাতন, হামলা, মামলা, হয়রানি ও সম্পদ লুটপাটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৯৭ সালে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের কলেজ কমিটির মুখ্য সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হন। পরবর্তী সময়ে সালথা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

দেলোয়ার হোসেন অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তার পরিবারের সদস্যদের হাতে তিনি বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ২০১৫ সালের ১৯ আগস্ট সালথার ইউসুফদিয়া বাজারের একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তার ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাকে মারধর করেন। সেই সময় তার বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বিরুদ্ধে ১৬টি মামলা দেওয়া হয় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসব মামলায় তাকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তী সময়ে আদালত থেকে মামলাগুলোতে তিনি অব্যাহতি পান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার পরিবার ও সালথার আটটি ইউনিয়নের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও মামলা-হয়রানি চালানো হয়েছে। এতে বহু নেতাকর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।

দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জনকল্যাণে কাজ করতে না পারলে পদে থাকার কোনো অর্থ নেই। তাই সালথা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এবং জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু আত্মগোপনে রয়েছেন এবং তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে তার হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। অভিযুক্ত অন্যদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

কী ঘটছে গোপালগঞ্জে?

কী ঘটছে গোপালগঞ্জে?

এবার বিএনপি নেতাদের উদ্দেশে নয়নের বিশেষ সতর্কবার্তা

এবার বিএনপি নেতাদের উদ্দেশে নয়নের বিশেষ সতর্কবার্তা

গোপালগঞ্জে তোলপাড়, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে তোলপাড়, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

আরও পড়ুন

দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বর্ণিল সাজে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

বর্ণিল সাজে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম