সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার
যশোর ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান
|
ফলো করুন |
|
|---|---|
সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
রোববার (১৫ নভেম্বর) বিকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সাইফুল আলম খান বলেন, নানা অপকৌশলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশির ভাগ কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব কাছের সীমান্ত হলো যশোর ও সাতক্ষীরা। ফলে ধারণা করা হচ্ছে, এই দুই সীমান্ত দিয়েই তারা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারেন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্তে বিজিবির নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে সীমান্তে দিনরাত টহল আরও বাড়ানো হবে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং তার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে ঢুকতে দেওয়া হয়নি, আগামীতেও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে পাঁচবার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং এতে স্থানীয় জনসাধারণ সহযোগিতা করেছেন। এবারও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ জনগণসহ রাজনৈতিক দল ও বিরোধী দলের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
