১৬ বছর আগে হত্যাচেষ্টা
সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
বড়াইগ্রাম থানা
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনসহ ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে চাঁদাবাজি এবং কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত ১৩ নভেম্বর বয়েন উদ্দিন নামে এক বিএনপি কর্মী ও ব্যবসায়ী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় এ মামলা দায়ের করেন।
গ্রেফতার আলমগীর বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার তাইজুল ইসলাম তাজেলের ছেলে। মামলার বাদী বয়েন উদ্দিন উপজেলার কাচুটিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন—জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, কেএম জাকির হোসেনের ভগিনীপতি গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়াড়ী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন ও জিয়াউর রহমান, সাবেক সদস্য খাদেমুল বাশার এবং উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ব্যবসায়ী বয়েন উদ্দিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর ফজলীতলা গাজী বাড়ির সামনে তার ওপর হামলা চালানো হয়। এ সময় চাইনিজ কুড়াল, হাঁসুয়া ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় হামলাকারীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওই হামলায় তিনি বর্তমানে পঙ্গুত্ববরণ করে জীবনযাপন করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বয়েন উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে একাধিকবার মামলা করার চেষ্টা করেও পারিনি। এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রায় ১৬ বছর পর ন্যায়বিচারের আশায় মামলা করেছি।
তবে অভিযোগ অস্বীকার করে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র কেএম জাকির হোসেন বলেন, মামলার বিষয়টি শুনেছি। ১৬ বছর আগের অভিযোগ এনে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দেওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
