নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর শহরতলির দত্তপাড়া বাজার এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এসে তারা এ ঘটনা ঘটায়। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশে এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
দত্তপাড়ার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার পর একটি সাদা মাইক্রোবাস নাটোর শহরের দিক থেকে বাজারের দিকে আসে। এ সময় মাইক্রোবাসটি বাজারের মধ্যে থামিয়ে কয়েকজনকে নামিয়ে দেওয়া হয়। পরে সেটি সামনের ব্রিজের দিকে চলে যায়।
মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যক্তিরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তারাও ব্রিজের দিকে চলে যান। পরে ব্রিজের ওপর অপেক্ষমাণ মাইক্রোবাসে করে তারা ঢাকার দিকে চলে যান। এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বলে শুনেছেন তারা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে। সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এদিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
