চাঁদা চেয়ে ফার্মেসিতে গুলি, শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শ্যামলীতে অনুরাগ ফার্মেসি ও রেস্তোরাঁয় ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী পাপ্পু ওরফে কিলার পাপ্পুর সহযোগী সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত শ্যামলীর হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসির কর্মচারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ফার্মেসির কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। ভবনটিতে তার পরিবারের সদস্যরা বসবাস করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন। তার ভাই জুয়েল তালুকদার ব্যবসাপ্রতিষ্ঠান দুটি পরিচালনা করছেন। এর আগেও প্রতিষ্ঠানটির সামনে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, গুলির ঘটনার কিছুদিন আগে মোবাইল ফোনে রাষ্ট্রনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনে শীর্ষ সন্ত্রাসী কিলার পাপ্পু ও তার প্রধান সহযোগী বাদল ওরফে কাইল্লা বাদলের পরিচয় দেওয়া হয়। টাকা না দিলে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
রাষ্ট্রন যুগান্তরকে জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে তাকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় ফোনে বলা হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিস্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু।’ এর আগের দিন ৫ নভেম্বর রাতে দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর ৭ নভেম্বর রাতেও সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়। সর্বশেষ ১৩ নভেম্বর রাতে মোটরসাইকেলে আসা তিনজন কর্মচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় তারা মামলা করেছেন।
এ ঘটনায় অনুরাগ ফার্মেসির ম্যানেজার মো. রাশেদ তালুকদার বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ যুগান্তরকে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। গুলির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
ওসি আরও বলেন, রাষ্ট্রনের কাছে যে মোবাইল নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল, সেটি শনাক্ত করা হয়েছে। ওই নম্বরের ব্যবহারকারীকে গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে।
