কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
জম্মু ও কাশ্মীরের কুলগামে হামলার পর টহল জোরদার করে সিআরপিএফ। ছবি: পিটিআই
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলা চালিয়েছে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চালানো এ হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। হামলার সময় ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়।
কর্মকর্তারা জানান, কুলগামের মির বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে মোটরসাইকেলে আসা হামলাকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে প্রথমে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০টি গুলির শব্দ শোনা যায়। পরের এক মিনিটে আরও প্রায় ১২টি গুলির শব্দ পাওয়া যায়। এ সময় ক্যামেরার দৃশ্যসীমায় ছোট পাথর বা বিস্ফোরণের টুকরো পড়তেও দেখা যায়।
ফুটেজে প্রথমে কয়েকটি দোকানের সামনে বসে থাকা একজন সিআরপিএফ সদস্যকে দেখা যায়। তার ডান পাশ থেকে হামলা চালানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে আরেক সদস্যকে দৌড়ে সামনে আসতে দেখা যায়। এরপর দুজনকে মেশিনগান হাতে গুলির শব্দের উৎসের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় হামলাকারীদের উদ্দেশে কয়েকজনের চিৎকার ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শব্দও শোনা যায়।
সিআরপিএফ এক বিবৃতিতে জানায়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সদস্যদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত তিন নিরাপত্তাকর্মীর নাম রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। গুলিতে রাকেশের বাঁ পায়ে, সন্তোষের পেট ও মেরুদণ্ডে এবং সোমবীরের বাঁ হাতে আঘাত লেগেছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও এ সময় কুলগামে ছিলেন। তবে হামলার ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না তিনি।
পরে ঘটনাস্থল থেকে আহত নিরাপত্তাকর্মীদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা যায়। সেখানে চিকিৎসাকর্মীদের দ্রুত তাদের সহায়তায় এগিয়ে আসতে দেখা গেছে।
হামলার পরপরই ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তাকর্মীদেরও সেখানে অবস্থান নিতে দেখা যায়। অ্যাম্বুলেন্সের সাইরেন ও মাইকে স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনার মধ্যে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সূত্র: এনডিটিভি

