Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢাকা সিটির বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

ঢাকা সিটির বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। ফাইল ছবি

Advertisement

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়া বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। 

রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটিসহ এ বিষয়ে আরও কিছু প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই রিট করেন।  

পরে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি। 

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আরও বলেন, এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী।

এর আগে সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে আজ রিটটি দায়ের করেন বলে জানান রিট আবেদনকারী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম