Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ঝটিকা অভিযানের ঘোষণা সড়ক প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ঝটিকা অভিযানের ঘোষণা সড়ক প্রতিমন্ত্রীর

ছবি: যুগান্তর

Advertisement

দেশে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় উদ্বেগ বাড়তে থাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ঝটিকা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন সড়ক, মহাসড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মদিনাবাগ ওয়াসা রোডের পাগল চাঁদ হোটেল সংলগ্ন এলাকায় তিনি এসব কথা বলেন। সেখানে মুগদা থানা স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তিনি। 

সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অসতর্কতা বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে আর যেন কোনো পরিবারকে তাদের প্রিয়জনকে হারাতে না হয়, সে লক্ষে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

সড়ক নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো চালকের অবহেলা বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যেন আর একটি প্রাণও ঝরে না যায়, সে বিষয়ে সরকার আপসহীন।

তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, চালক, মালিক ও সাধারণ মানুষেরও যৌথ দায়িত্ব।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী জুলাইয়ের বীর যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি প্রশাসনকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই এসব অপরাধের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। 

এ সময় তিনি উপস্থিত থানার ওসির সঙ্গে কথা বলে এলাকায় মাদকের বিভিন্ন স্পট চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম