গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)। জাহাঙ্গীরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। বাবার নাম শাহআলম পোদ্দার। জাহাঙ্গীর থাকতেন রাজধানীর নামা শ্যামপুর এলাকায়।
জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। বাবার নাম জিন্নাত আলী। রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথায় থাকতেন জাকির।
এসআই জামাল হোসেন জানান, রাত ৩টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন দুই অটোচালকসহ তিনজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন জাহাঙ্গীর ও জাকিরের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় বলেন, ট্রাকচাপায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর জাকিরও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
