কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি
বিমানবন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কম্বোডিয়ার বিভিন্ন প্রতারণামূলক সাইবার স্ক্যাম কম্পাউন্ডে আটক থাকা ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
দেশে ফেরা এসব বাংলাদেশির মধ্যে পাঁচজন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত সক্রিয় একটি বাংলাদেশি পাচারকারী চক্র দেশে ফেরার পথে তাদের ভয়ভীতি দেখিয়েছে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে এবং দেশে ফেরার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।
ফেরত আসা ভুক্তভোগীরা জানান, চাকরির প্রলোভনসহ বিভিন্নভাবে তাদের কম্বোডিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছার পর তাদের বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে জোরপূর্বক আটকে রাখা হতো। পরে অনৈতিক ও প্রতারণামূলক সাইবার কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করা হতো। এতে রাজি না হলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত একশ্রেণির বাংলাদেশি পাচারকারী দেশে ফেরার উদ্যোগ নেওয়ার পর তাদের ওপর চাপ সৃষ্টি করে। এমনকি দেশে ফেরার প্রক্রিয়া ঠেকাতে ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের হুমকি দেওয়া হয়।
এ কারণে দেশে ফিরে তারা সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাঁচজন ভুক্তভোগী সরাসরি মামলা করার আগ্রহের কথাও জানিয়েছেন।
দেশে ফেরার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় মানসিক পুনর্বাসন ও আইনি সহায়তা দেওয়া হবে।
একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ যাচাই করে মানবপাচার ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীদের বর্ণনায় কম্বোডিয়ায় বাংলাদেশিদের একটি অংশকে জোরপূর্বক সাইবার প্রতারণায় যুক্ত করার অভিযোগ সামনে এসেছে। তাদের দেশে ফেরার পথে পাচারকারীদের বাধা ও হুমকির অভিযোগ বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।
সংশ্লিষ্টদের মতে, শুধু ভুক্তভোগীদের উদ্ধার ও দেশে ফেরানোই নয়, তাদের কম্বোডিয়ায় পাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্র শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

-6a9926f938eb4.jpg)