Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

১ ডিসেম্বর থেকে নির্দেশনা কার্যকর

বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

Icon

সাইফ আহমাদ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের চারটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সরকার। দীর্ঘ আড়াই বছর দায়িত্ব পালন করা বাংলাদেশ বিমানবাহিনীর প্রায় দেড় হাজার সদস্যের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) সর্বোচ্চ ৭৩৫ জন সদস্য সংযুক্ত থাকবেন। এ-সংক্রান্ত এক সরকারি আদেশ জারি হয়েছে। তবে এসব সদস্যের বেতন-ভাতাসহ সংযুক্তি সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করতে হবে বেবিচককে। নিজস্ব নিরাপত্তা জনবলের ঘাটতি পূরণ করতে না পারায় সামরিক সদস্যদের পেছনেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে সংস্থাটিকে। ফলে বিমানবন্দরের নিরাপত্তায় সামরিক নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হলেও বেবিচকের নিজস্ব সক্ষমতা অর্জন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব মূলত বেসামরিক কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত।

এদিকে এত বড় পরিসরে সামরিক সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক সরকারি আদেশ জারি হতে সময় লাগল প্রায় আড়াই বছর। রোববারের আদেশে এর কারণও ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে-বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে মোতায়েন কার্যক্রম সম্পন্ন না করায় এতদিন সরকারি আদেশ জারি করা সম্ভব হয়নি। পরে সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, সামরিক বাহিনী সংকট মোকাবিলায় অত্যন্ত কার্যকর। কিন্তু দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিচালনার দায়িত্ব বেসামরিক নিরাপত্তা সংস্থা ও বিশেষায়িত এভিয়েশন সিকিউরিটি ইউনিটের হাতেই থাকা উচিত। এতে জবাবদিহি ও কমান্ড স্ট্রাকচার স্পষ্ট থাকে। একাধিক সংস্থা সমান্তরালভাবে কর্তৃত্ব প্রয়োগ করলে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি হয়। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় সমন্বিত কমান্ড ও স্পষ্ট দায়িত্ব বণ্টনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আগের পরিস্থিতি পর্যবেক্ষণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিমানবন্দরের নিরাপত্তায় বিমানবাহিনীর সদস্যদের দায়িত্ব বেড়ে গিয়েছিল। এতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিমানবাহিনীর মধ্যে কর্তৃত্ব ও কমান্ড কাঠামো নিয়ে বিরোধ দেখা দেয়। বিমানবন্দরে অবস্থান, অভিযান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নিয়ে নানা বিরোধের জন্ম দেয়। এর জের ধরে জিডি, এমনকি আইনি নোটিশ পাঠানোর ঘটনাও ঘটে। পরে গত ৬ আগস্ট জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় বিমানবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত হয়।

এনসিএএসসির সভায় বলা হয়-বিমানবন্দরের নিরাপত্তায় বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটি (এভসেক), এপিবিএন ও অন্যান্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়িয়ে ধীরে ধীরে অতিরিক্ত সামরিক উপস্থিতির প্রয়োজনীয়তা কমানো হবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জারি করা (লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল স্বাক্ষরিত) আদেশে বলা হয়েছে-১ ডিসেম্বর থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেবিচকের এভসেকে অনধিক ৭৩৫ জন বিমানবাহিনীর সদস্য সংযুক্ত থাকবেন। এই সংখ্যার মধ্যে আগে থেকেই এভসেকে সংযুক্ত থাকা ২২০ জন সদস্যও অন্তর্ভুক্ত থাকবেন। বিদ্যমান জনবলসহ সর্বোচ্চ ৭৩৫ জনের সংযুক্তি বহাল থাকবে।

সশস্ত্র বাহিনী বিভাগের আদেশে বলা হয়-২০২৪ সালের জুলাইয়ে জরুরি ভিত্তিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিমানবন্দরে বিমানবাহিনীর ৬০০ সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০০ ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০ সদস্য দায়িত্ব নেন। পরে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন সংকট তৈরি হয়। এপিবিএন ও আনসার সদস্যরা কর্তব্যস্থল ত্যাগ করলে নিরাপত্তার দায়িত্ব সামলাতে আরও ৬৩০ জন বিমানবাহিনীর সদস্য বিভিন্ন বিমানবন্দরে নিয়োগ ও জনবল সমন্বয় করা হয়। পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৫০ জনে। বর্তমানে শাহজালাল, শাহ আমানত, যশোর ও কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় এই সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ২২০ জন সরাসরি বেবিচকের এভসেকে সংযুক্ত।

জনবল সংকটের খেসারত বেবিচকের : নতুন আদেশে ৭৩৫ জন সদস্যের সংযুক্তি বহাল রাখার পেছনে বেবিচকের নিজস্ব নিরাপত্তা জনবলের ঘাটতিকে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় বিমানবন্দরগুলোর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই জনবল বহাল রাখার অনুরোধ জানিয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব বেসামরিক সংস্থার হাতে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল; কিন্তু সেই দায়িত্ব পালনের মতো পর্যাপ্ত জনবল ও সক্ষমতা এখনো নেই বেবিচকের। তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি জনবল, প্রযুক্তি ও পরিচালন ব্যয় প্রয়োজন হবে। এর মধ্যে সামরিক সদস্যদের সংযুক্তির ব্যয় বহন করতে হলে বেবিচকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে নির্দেশনা কার্যকর বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

বাবুলের মানবসেবা কষ্টার্জিত টাকায়

বাবুলের মানবসেবা কষ্টার্জিত টাকায়

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ

ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ

বরিশালে স্বাস্থ্যঝুঁকি লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম