Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বরিশালে স্বাস্থ্যঝুঁকি

লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশাল মহানগরীতে লাইসেন্স ছাড়াই বছরের পর বছর কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে। নিয়মনীতি তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন পরিবেশে হোটেল-রেস্তোরাঁগুলোয় নিুমানের খাবার বিক্রি করা হচ্ছে। এতে নগরীর ৬ লাখ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। নগরবাসীর দাবি-দ্রুত কঠোর অভিযানের মাধ্যমে অবৈধ হোটেল-রেস্তোরাঁ বন্ধ করার পাশাপাশি মানসম্মত খাবার নিশ্চিত করা হোক। বরিশাল সিটি করপোরেশনের তথ্যমতে, মহানগরীতে হোটেল-রেস্তোরাঁ পরিচালনা করতে হলে ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স করা বাধ্যতামূলক। কিন্তু পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, মাত্র ১২টি রেস্তোরাঁর লাইসেন্স রয়েছে। কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ লাইসেন্স ছাড়াই চলছে।

একাধিক সূত্রে জানা যায়, হোটেল-রেস্তোরাঁ চালু করতে ট্রেড লাইসেন্সের পাশাপাশি স্যানিটারি লাইসেন্স, ফায়ার সেফটি অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাইসেন্স, ভ্যাট নিবন্ধনসহ কয়েকটি দপ্তরের অনুমোদন দরকার হয়। কিন্তু বরিশালের ব্যবসায়ীরা তা মানছে না। নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা পিন্টু পাল বলেন, বেশির ভাগ হোটেল-রেস্তোরাঁয় খাদ্যের দামের তালিকা নেই। অপরিচ্ছন্ন পরিবেশে এসব খাবার যেমন খুশি তেমন দামে বিক্রি হচ্ছে। মাঝেমধ্যে দেখা যায়-হোটেলের পচাবাসি খাবার খেয়ে কাউকে কাউকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক ভবনেও একাধিক রেস্তোরাঁ গড়ে উঠেছে। এসব রেস্তোরাঁর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে বহু ভবন। পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদ জানান, মহানগরী এলাকায় হোটেল-রেস্তোরাঁর জন্য ১২টি লাইসেন্স দেওয়া হয়েছে। এছাড়া সবগুলোই অবৈধভাবে চলছে। তিনি আরও বলেন, এসব রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালালে ধীরে ধীরে অবৈধ রেস্তোরাঁ কমবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, হোটেল-রেস্তোরাঁয় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই জরিমানাসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের স্যানিটারি কর্মকর্তা রাসেল সিকদার জানান, যেসব হোটেল-রেস্তোরাঁ অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালনা করা হচ্ছে সেগুলোকে জরিমানা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে নির্দেশনা কার্যকর বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

বাবুলের মানবসেবা কষ্টার্জিত টাকায়

বাবুলের মানবসেবা কষ্টার্জিত টাকায়

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ

ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ

বরিশালে স্বাস্থ্যঝুঁকি লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম