তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর
ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ
আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি শ্রমিক নেতাদের
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর ও সাভার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একদিন যে ভবন কেড়ে নিয়েছিল তাদের জীবিকার অবলম্বন, ১৪ বছর পর সেই পোড়া ভবনই এখন তাদের মাথা গোঁজার ঠাঁই। অগ্নিকাণ্ডে কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়েছেন তারা। বাসাভাড়া দেওয়ার সামর্থ্য হারিয়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন তাজরীন ফ্যাশনসের পরিত্যক্ত ভবনে। এদিকে বিচারের অপেক্ষায় কেটে গেছে ১৪ বছর। ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, নিশ্চিত হয়নি পুনর্বাসন। সময়ের ব্যবধানে তাজরীনের পোড়া দেওয়ালে ধুলোর আস্তরণ জমলেও আহত শ্রমিকদের জীবনে দুর্দশার অবসান হয়নি।
মঙ্গলবার দেশের পোশাকশিল্পের ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর পূর্ণ হলো। ২০১২ সালের এই দিনে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের মালিকানাধীন গার্মেন্ট তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১২ পোশাক শ্রমিক। আহত হন আরও অনেকে। বিপর্যয় নেমে আসে অসংখ্য শ্রমজীবী পরিবারে। তাজরীন ট্র্যাজেডির পর দেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। কারখানার নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় নানা উদ্যোগ। দেড় দশকের কাছাকাছি সময়ে পোশাকশিল্পের পরিধি বেড়েছে, বেড়েছে রপ্তানি সক্ষমতা। অথচ সেই শিল্পেরই একদল শ্রমিক চিকিৎসা, বাসস্থান ও জীবিকার নিশ্চয়তা চেয়ে এখনো দ্বারে দ্বারে ঘুরছেন। আর্থিক অনটনে বাসাভাড়া পরিশোধের সামর্থ্য হারিয়ে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে কয়েকজন আহত শ্রমিক পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন তাজরীনের পরিত্যক্ত ভবনের নিচে। প্রায় ১১ মাস ধরে সেখানে মানবেতর জীবন কাটছে তাদের। একসময়ের কর্মস্থল এখন তাদের অসহায় জীবনের আশ্রয়স্থল। দিবসটি উপলক্ষ্যে নিহত শ্রমিকদের স্মরণে কারখানা ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে দ্রুত বিচার, ন্যায্য ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়।
পাশাপাশি তাজরীনের পরিত্যক্ত ভবনে শ্রমজীবী মানুষের জন্য বিশেষায়িত হাসপাতাল ও আবাসন নির্মাণের দাবি জানান তারা। শ্রমিক নেতারা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। আজ থেকে ১৪ বছর আগে তাজরীন ফ্যাশনসে যে আগুন লেগেছিল, তা নিভে গেছে অনেক আগেই। কিন্তু সেই আগুনে স্বজন হারানো পরিবারের শোক, আহত শ্রমিকদের শারীরিক যন্ত্রণা, কর্মহীনতা ও আর্থিক অনিশ্চয়তা এখনো শেষ হয়নি। এক যুগের বেশি সময় পরও তাদের প্রশ্ন-আর কত দিন অপেক্ষা করতে হবে ন্যায্য ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন ও বিচারের জন্য, কে দেবে এর জবাব?
