বাবুলের মানবসেবা কষ্টার্জিত টাকায়
তৈরি করেছেন ১১টি যাত্রীছাউনি, ১টি শৌচাগার * ’মানুষের কষ্ট দূর করি, পরকালে কিছু পাব’
মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়সিট গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সি বাবুল শেখ। পেশায় তিনি একজন দিনমজুর। অন্যের জমিতে কৃষিকাজ করে যা আয় করেন তা দিয়েই চলে পরিবারের খরচ। সেই আয়ের টাকা জমিয়ে মানুষের সুবিধার জন্য তৈরি করেছেন ১১টি যাত্রীছাউনি ও একটি শৌচাগার। শুধু নির্মাণ করেই দায়িত্ব শেষ করেননি, নিয়মিত সেগুলোর দেখভাল ও পরিষ্কার-পরিচ্ছন্ন করেন নিজ হাতে।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালে বাবুলের এই উদ্যোগের শুরু। গাজীপুরের কাপাসিয়া-জয়দেবপুর সড়কের পাশে একটি শৌচাগারের কাছে দুই নারীকে ছোট ছোট সন্তান নিয়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তাদের সঙ্গে ছিল ব্যাগ। এর মধ্যেই শুরু হয় বৃষ্টি। এতে তাদের দুর্ভোগ দেখে মন খারাপ হয় বাবুলের। ভাবতে থাকেন, গাড়ির অপেক্ষায় থাকা মানুষগুলোর বসার ও রোদ-বৃষ্টি থেকে বাঁচার কোনো ব্যবস্থা করা যায় কি না। সেই ভাবনা থেকেই তৈরি করেন প্রথম যাত্রীছাউনি। এরপর দুই মাসের মধ্যে একই স্থানে আরও একটি ছাউনি তোলেন। ২০২৫ সালের শুরুতে সেখানে বানান একটি শৌচাগার।
এরপর থেকে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সড়কের পাশে যাত্রীছাউনি নির্মাণ করে যাচ্ছেন তিনি। বর্তমানে কাপাসিয়া-জয়দেবপুর সড়কে আটটি, কাপাসিয়া-কালীগঞ্জ সড়কে একটি এবং পাতলা-বড়সিট সড়কে দুটি মিলিয়ে তার তৈরি যাত্রীছাউনির সংখ্যা ১১টি। এর মধ্যে চারটি তৈরি করেছেন ২০২৫ সালে, বাকি ছাউনিগুলো এ বছর।
বাবুলের তৈরি ছাউনিগুলো বাঁশ, কাঠ, মোটা পলিথিন ও দড়ি দিয়ে নির্মিত। আকারভেদে একেকটির দৈর্ঘ্য প্রায় সাত ও প্রস্থ পাঁচ ফুট। কোনো ছাউনিতে একটি বেঞ্চ, আবার কোনোটিতে চার-পাঁচটি রয়েছে। এসব বেঞ্চে ব্যবহার করেছেন বাঁশের ফালি কিংবা কাঠের তক্তা। ছাউনির ওপর বাঁশের চাটাই বিছিয়ে ব্যবহার করেছেন মোটা পলিথিন, যাতে বৃষ্টি ও রোদ থেকে যাত্রীরা কিছুটা সুরক্ষা পান। যাত্রীছাউনির পাশাপাশি উপজেলার পাতলা মোড়ে সড়কের পাশে নির্মাণ করেছেন শৌচাগার। এতে টিন, বাঁশ, রেডিমেড কংক্রিটের প্যানসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করেছেন। শৌচাগারটি নির্মাণে তার খরচ হয়েছে আনুমানিক সাড়ে ১৩ হাজার টাকা। নিজেই গর্ত খুঁড়ে সেফটিক ট্যাংকসহ প্রয়োজনীয় সরঞ্জাম বসিয়েছেন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করেন নিজেই। পানির ব্যবস্থা না থাকায় বোতলে পানি ভরে রাখেন।
বাবুল শেখ জানান, ‘আমার আয়ের টাকা দিয়ে এই কাজগুলো করেছি। তবে অনেকেই ছোটখাট সহযোগিতা করেছে। ছোট আকারের একটি যাত্রীছাউনি নির্মাণে খরচ হয় দেড় থেকে দুই হাজার টাকা। বড় ছাউনির ক্ষেত্রে বাঁশ ও কাঠ বেশি প্রয়োজন হওয়ায় খরচ পড়ে তিন থেকে পাঁচ হাজার টাকা। সবচেয়ে বড় ছাউনিটি নির্মাণে খরচ হয়েছে সাড়ে চার হাজার টাকা।’
বাবুল শেখ যুগান্তরকে বলেন, ‘বাথরুমের পাশে কিছু পানির বোতল রাখছি। এগুলো থেকে মানুষ পানি ব্যবহার করে। প্রতিদিন আমি নিজেই পানি ভরে রাখি। আবার নিজেই টয়লেট ওয়াশ করি। আমার কাজে মানুষ দুনিয়াতে যদি কিছু সামান্য উপকার পায়, এর বিনিময়ে আল্লাহ যদি আমারে আখেরাতে কিছু দেন, এইটাই আমার পাওনা।’ বাবুলের ছেলে মো. ইউসুফ বলেন, ‘বাবা রাস্তার কোনো অংশ ভাঙা থাকলে নিজে কোদাল নিয়ে সেখানে কাজ করতে থাকেন। এটা তার ভালো লাগে। কোনো কিছুর বিনিময়ে এগুলো করেন না। মানুষের কাছে বাবার সুনাম শুনলে আমারও ভালো লাগে।’ এলাকাবাসী জানান, বিভিন্ন সড়কের পাশের ঝোপঝাড়ও পরিষ্কার করেন বাবুল। সরল স্বভাবের এই মানুষ কারও সঙ্গে তর্কে জড়ান না। নিজের ইচ্ছায়, যখন সময় পান, তখনই এসব কাজ করেন। বাবুলের উদ্যোগ সম্পর্কে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, ‘তার কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাকে সহযোগিতা করার প্রচেষ্টা থাকবে। তাকে উৎসাহিত করা দরকার।’
