এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ, তদন্ত শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তাদের গ্রেফতার অভিযান চলছে।
পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিহতের পরিবারের পক্ষ থেকে বনানী থানায় এ ঘটনায় হত্যা মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি বিক্রির নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ইসমাইল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করে লাশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার সকালে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইলের লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখে স্কচটেপ লাগানো ছিল ও পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট।
পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, ইসমাইল হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। তিনি গাজীপুরের কাশিমপুরের করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
