ঢাকায় অপরাধ কমেছে, গোয়েন্দা নজরদারি জোরদার: ডিবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
শফিকুল ইসলাম। ভিডি ফুটেজ থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেছেন, ঢাকায় অপরাধের হার আগের যেকোনো সময়ের তুলনায় কম। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান তিন নেতাকে গ্রেফতারের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসে এক মাস ধরে হামলা এবং চাঁদা না পেয়ে রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালানোর ঘটনা নিয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ঢাকায় লাখ লাখ প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছে।
এজেআর কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারও করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ব্লক রেইড চালানো হয়েছে এবং সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে, রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনায়ও মামলা নেওয়া হয়েছে। সেটির তদন্ত চলছে। ডিএমপি এলাকায় গুলির ঘটনা কিংবা চাঁদাবাজির প্রতিটি ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।
রাজধানীর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক কি না, এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক। অন্য যে কোনো সময়ের চেয়ে ক্রাইম রেট এখন কম। ঢাকা মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সচেতন রয়েছে। এ জন্য গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন ও ব্লক রেইড অব্যাহত রয়েছে।
তবে চলতি মাসের প্রথম ১৬ দিনে রাজধানীতে ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও সংবাদ সম্মেলনে জানান শফিকুল ইসলাম। এসব ঘটনায় ৭৯টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৩০ জনকে। উদ্ধার করা হয়েছে ৫২টি ককটেল।
গত মাসের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, অক্টোবরে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১টি মামলা হয়েছিল।
চলতি মাসে এতগুলো ককটেল বিস্ফোরণের পরও পরিস্থিতিকে স্বাভাবিক বলার কারণ জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, চলতি মাসে দুটি লকডাউন ছিল। তবে গত মাসে কোনো লকডাউন ছিল না।
এদিকে আদালতপাড়ায় আইনজীবীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে শফিকুল ইসলাম বলেন, এ ধরনের দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ সতর্ক হয়েছে। কোথাও সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

