পাবনায় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ৭৭টি ককটেল
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
এসব বোমা কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষ থেকে ৭৭ পিস ককটেল সদৃশ বস্তু ও গানপাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়। বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও অন্তত ৭৭টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা। তবে এসব বোমা কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামান, সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ, ধুলাউড়ি পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম ও এসআরবি সদস্যরা।

-6afc7a21b8e00.jpg)