মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি ও স্থাপনার বিপরীতে ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। অভিযোগ অনুযায়ী, সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে দুদক তদন্ত করে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায়। ২০১৭ সালের ৩ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, মঙ্গলবার আদালতে ১৫ জন আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, এ মামলায় অভিযোগ গঠন করা ৩৪ আসামির মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

