Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

Icon

বাসস

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

কক্সবাজারে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: বাসস

Advertisement

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নেব—তা নিয়ে বিতর্ক করছি না। বরং কীভাবে আরও ভালোভাবে ঋণ নেওয়া যায়, আরও ভালোভাবে বিনিয়োগ করা যায় এবং জনগণের কাছে জবাবদিহির জায়গা থেকে প্রতিটি একক সরকারি সম্পদের সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের কাছে বৈধতা ও জনসমর্থনের প্রতি শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঋণকে উন্নয়নের লক্ষ্য নয়, বরং উন্নয়নের একটি উপকরণ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ঋণের অর্থ এমন খাতে বিনিয়োগ হওয়া দরকার, যা উৎপাদনশীলতা বাড়ায়, অবকাঠামো উন্নত করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানবসম্পদের বিকাশ ঘটায়। ঋণের বিপরীতে পাওয়া অর্থনৈতিক ও সামাজিক সুফল ভবিষ্যৎ প্রজন্মের ওপর বর্তানো দায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অর্থনীতি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রেক্ষাপট তুলে ধরে ড. তিতুমীর বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে বাংলাদেশের অতিরিক্ত ৪২০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘এই বাড়তি ব্যয় আমাদের পছন্দের বিষয় ছিল না, আবার এড়ানোরও সুযোগ ছিল না।’

এসব চাপের মানবিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, এ সময়ে প্রায় ৮০ লাখ বাংলাদেশি নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। কঠোর পরিশ্রম করে যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিলেন, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে তাদের অনেকে আবার দারিদ্র্যের কবলে পড়েছেন। এগুলো কোনো হিসাবের খাতায় থাকা নিছক সংখ্যা নয়; বাস্তব মানুষের জীবনে তৈরি হওয়া বাস্তব সংকট।


ড. তিতুমীর বলেন, এসব তথ্য কাউকে দায়ী করার জন্য নয়; বরং সরকার যে পরিস্থিতিতে কাজ শুরু করেছে, তার প্রেক্ষাপট বোঝানোর জন্য। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে, তা জানা থাকলে অর্জিত অগ্রগতি ও সামনে থাকা চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব।

দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ১৮ দশমিক ৯ ট্রিলিয়ন টাকার বেশি, যা জিডিপির প্রায় ৩৬ শতাংশ। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের বেশি। বছরে সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে এক ট্রিলিয়ন টাকার বেশি। এ ছাড়া বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে পূর্ববর্তী সময়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা নেওয়া হয়েছিল। এসব দায় ও ঝুঁকি বিবেচনায় রেখেই ঋণ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণের ওপর জোর দেন তিনি।

অতীতে নেওয়া বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় আগামী বছরগুলোতে পরিশোধের চাপ বাড়বে বলে জানান ড. তিতুমীর। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মূলধন ও সুদ বাবদ ৪৪৯ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক এ পরিমাণ ৭৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে। তাই নতুন ঋণ নেওয়ার সময় সুদের হার, মেয়াদ, পরিশোধের সময়সূচি, মুদ্রার ধরন ও বিনিময় হারের ঝুঁকি বিবেচনায় রাখা জরুরি।

ঋণ ব্যবস্থাপনার দুটি মৌলিক ভিত্তি হিসেবে জাতীয় মালিকানা ও বিশ্বাসযোগ্যতার কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তার মতে, দেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঋণ গ্রহণের সিদ্ধান্ত হওয়া উচিত। ঋণের তথ্য, ব্যয় ও ঝুঁকি সম্পর্কে স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহি সরকারের ঋণ ব্যবস্থাপনার গ্রহণযোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত।

রাজস্ব আহরণ বাড়ানোকে ঋণের টেকসই ব্যবস্থাপনার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন ড. তিতুমীর। তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম। আগামী পাঁচ বছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় দুই শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য রয়েছে। করের আওতা সম্প্রসারণ, কর প্রশাসনের ডিজিটালাইজেশন এবং অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে। রাজস্ব আয় বাড়লে উন্নয়ন ব্যয় ও ঋণ পরিশোধের মধ্যে ভারসাম্য রাখা সহজ হবে।


সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নেওয়া বন্ধ করেছে। এর ফলে মুদ্রা সরবরাহের ওপর চাপ কমেছে এবং মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ থেকে কমতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশের কাছাকাছি এসেছে। দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশীয় পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অর্থ উপদেষ্টা। সরকারি ঋণের ক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক উৎস, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং সহজ শর্তের ও বাজারভিত্তিক ঋণের মধ্যে ভারসাম্য রাখার কথা বলেন তিনি। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), ব্লেন্ডেড ফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টির মতো বিকল্প অর্থায়ন পদ্ধতি কাজে লাগানোর ওপর জোর দেন।

সার্বভৌম সুকুকসহ নতুন আর্থিক উপকরণ ব্যবহারের প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্থানীয় মুদ্রায় ইস্যু করা সরকারি সিকিউরিটিজ জেপি মরগ্যানের জিবিআই-ইএম এজ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে। এটি দেশের স্থানীয় মুদ্রার বন্ডবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘমেয়াদি অর্থায়নে দেশীয় বন্ডবাজারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেও দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে।

ঋণ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ জন্য একটি ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠন, পাবলিক ডেট আইন প্রণয়ন এবং ঋণের তথ্য ও ঝুঁকি বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। নিয়মিত ঋণ তথ্য প্রকাশ, মধ্যমেয়াদি ঋণ কৌশল, বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং রাষ্ট্রীয় গ্যারান্টির দায় সম্পর্কে স্বচ্ছতা থাকলে আর্থিক ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা সহজ হবে।


বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের কৌশল হিসেবে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি ধাপের কথা বলেন ড. তিতুমীর। অর্থনীতির পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঠামোগত পুনর্গঠনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তুলে ধরেন তিনি। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে উৎপাদন, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা ও কর্মসংস্থানকে অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখবে। এসব কর্মসূচি কেবল সহায়তা নয়; বরং মানবসম্পদ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা তৈরির কৌশল। বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগীরাও এসব উদ্যোগকে সরকারের পরিকল্পিত ও আর্থিকভাবে দায়িত্বশীল কৌশল হিসেবে দেখছে বলে তিনি উল্লেখ করেন।

ড. তিতুমীর বলেন, ঋণ ব্যবস্থাপনার সাফল্য শুধু কত টাকা ঋণ নেওয়া হলো বা কত টাকা পরিশোধ করা হলো, তা দিয়ে বিচার করা যায় না। ঋণের অর্থ কাজে লাগিয়ে অর্থনীতি ও মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা গেল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থনৈতিক ও সামাজিক সুফল তৈরি হলো, সেটিই হবে প্রকৃত মূল্যায়ন।

১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে সার্বভৌম ঋণের টেকসই ব্যবস্থাপনা, ঋণের ব্যয় ও ঝুঁকি, আন্তর্জাতিক বন্ডবাজার, আইএমএফের ঋণ স্থায়িত্ব মূল্যায়ন কাঠামো, দেশীয় বন্ডবাজারের বিকাশ এবং বিকল্প অর্থায়নের উৎস নিয়ে আলোচনা হয়। 

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ৩০টি দেশের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা। শ্রীলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি

পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ

জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ

পানিতে ভাসছিল সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা

পানিতে ভাসছিল সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা

বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

আরও পড়ুন

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত?

দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত?

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম