কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে ওমর ফারুক (১৩) নামে এক হাফেজ শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার বড় ভাই হাফেজ আবদুল্লাহ (১৬) গুরুতর দগ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের বসতবাড়ি ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্বপাশে মাওলানা ফজল কাদেরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাতে ঘুমানোর আগে স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করছিল দুই ভাই। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির পাশের খোলা জায়গার বাতাসে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে দুই ভাই ঘরের ভেতরে আটকা পড়ে। এতে ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ ও মানবিক সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন, প্রবাসী রুহুল আমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ স্থানীয় নেতারা।
ইউএনও শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
