মাঠে নেই জামায়াত-এনসিপি
আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি
কেএম রায়হান কবীর, শরীয়তপুর
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে শরীয়তপুরে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।
অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এ বিষয়ে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতুর কাছে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এর আগে রোববার রাতে জেলা শহরে মোটরসাইকেল মহড়া দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি সভা আহ্বান করে জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহম্মেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালুসহ দলীয় নেতাকর্মীরা।
দলটির নেতারা জানান, পাল্টা কর্মসূচি নিয়ে ১৯ নভেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবেন।
জেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম শাহ বলেন, সোমবার থেকেই আমরা মাঠে আছি। নেতাকর্মীরা যেকোনো সহিংসতা রুখে দিতে সতর্ক অবস্থানে থাকবে। ধ্বংসাত্মক কার্যক্রম দেখামাত্রই জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। কোনো নাশকতা করতে দেওয়া হবে না।
এদিকে জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির আব্দুর রব হাসেমী বলেন, এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে স্থানীয়ভাবে আমরা এর বিরোধিতা ও প্রতিবাদ জানাই। এই কর্মসূচিতে সাড়া না দেওয়ার জন্য শরীয়তপুরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জেলা এনসিপির আহ্বায়ক মো. রুহুল আমিন বলেন, আমাদের কোনো কর্মসূচি বা প্রস্তুতি নেই। কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন রাস্তায় নামলে সেটি পুলিশ ও প্রশাসন দেখবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, আমাদের নয়।
