জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
মো. রবিউল ইসলাম রোমান
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তার মামার জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের এ অবস্থানের কথা জানান। পরে তার দেওয়া দলত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।
ওই বক্তব্যে রবিউল ইসলাম রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। পারিবারিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী হয়েছিলেন; কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।
মামার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমার মামা আনিসুর রহমান কালু মারা গেছেন। দলের কঠিন সময়ে সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন আমার মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তার খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।
রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি পাননি।
সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না উল্লেখ করে তিনি বলেন, দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।
