Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

Icon

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

ছবি: যুগান্তর

Advertisement

একটি সেতুর অভাবে ৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা তিনটি গ্রাম। শুষ্ক মৌসুমে ঝুঁকি নিয়ে নিজেদের অর্থায়নে তৈরি বাঁশ-কাঠের সাঁকো দিয়ে নদী পারাপার হলেও বর্ষায় পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে যায় সেই সাঁকো। তখন দুই পাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

ফলে রোগী ও শিক্ষার্থীসহ কৃষিপণ্য পরিবহণে চরম ভোগান্তি পোহাতে হয় ওই তিন গ্রামসহ নদীর দুই পাড়ের সাতটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষকে। 

৫৫ বছর ধরে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসের বাণী শুনে আসছেন স্থানীয়রা। অথচ এসব গ্রামে মুসলমানদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায়ের খ্রিষ্টান এবং উট সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদেরও বসবাস রয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি নদী ঢেউফা ও সোমেশ্বরী শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনটি গ্রামকে জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। একটি সেতুর অভাবে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন খাড়ামোড়া, কোচপাড়া ও পোড়াবাড়ী গ্রামের মানুষ। 

শুষ্ক মৌসুমে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে নদী পারাপার হলেও বর্ষায় পাহাড়ি ঢলে ভেঙে যায় সেটি। তখন কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় গ্রামগুলো।

ওই তিন গ্রামসহ নদীর দুই পাড়ের সাতটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের যাতায়াত থাকলেও যুগের পর যুগ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা ছাড়া গড়ে ওঠেনি গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি স্থাপনা। ফলে শিক্ষার্থীদের পাশের গ্রামের স্কুল-কলেজের ওপর নির্ভর করতে হয়। সেতু না থাকায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। মুমূর্ষু রোগীরাও সময়মতো চিকিৎসা পাচ্ছেন না। তিনটি গ্রামকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীবরদী উপজেলার খ্রিষ্টানপাড়া এলাকার ইলিয়াস সাংমা জানান, নানা কাজে তাদের প্রায়ই নদীর ওপারে যেতে হয়। শুকনো মৌসুমে বাঁশের তৈরি সাঁকো দিয়ে ওপারে যাওয়া গেলেও বর্ষায় সেটি ভেঙে যায়। ফলে ওপারে যেতে হলে ছোট ডিঙি নৌকায় নদী পার হতে হয়। অনেক সময় নৌকা না থাকায় সাঁতার কেটেই নদী পার হতে হয়।

বালিজুড়ী বাজারের মুদি দোকানদার সাদ্দাম হোসেন বলেন, বর্ষাকালে ওপারের মানুষ এপারে আসতে পারেন না। এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারে না। মুমূর্ষু রোগীরা হাসপাতালে যেতে না পারায় বিনা চিকিৎসায় অনেকে মারাও যান।

খাড়ামোড়া গ্রামের এক ব্যবসায়ী জানান, তাদের ব্যবসা-বাণিজ্য সবই বাজারকেন্দ্রিক। নদীতে পানি ভরা থাকলে তারা নিজেদের ব্যবসা-বাণিজ্যও ঠিকমতো পরিচালনা করতে পারেন না। এ এলাকায় অনেক কৃষিজমি রয়েছে। এসব জমিতে প্রচুর ফসল উৎপাদিত হয়। কিন্তু বর্ষাকালে বিচ্ছিন্ন তিন গ্রামের উৎপাদিত সবজিসহ অন্যান্য ফসল সময়মতো বাজারে নেওয়া সম্ভব হয় না। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়।

তিনি বলেন, স্বাধীনতার পর প্রায় ৫৫ বছর পেরিয়ে গেলেও নদীটির ওপর এখনো একটি সেতু নির্মাণ করা হয়নি। নদীর ওপর সেতু নির্মাণ করে ওপারের তিনটি গ্রামকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহাম্মেদ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল যুগান্তরকে জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত রয়েছেন। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ওই নদীর ওপর সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। নির্বাচনের পরপরই ওই গ্রামের মানুষের জন্য আপাতত একটি বিকল্প কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন বলেও জানান তিনি।

ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদীটি পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে এবং ঢেউফা নদী পশ্চিম ও উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে গ্রাম তিনটিকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম