আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
অভিযুক্ত মো. গোলাপ হোসেন।
|
ফলো করুন |
|
|---|---|
নাশকতার মামলায় গ্রেফতার এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে শোকজ করেছে দল।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু ইউনিয়ন বিএনপির নেতা মো. গোলাপ হোসেন তার পদ-পদবির প্রভাব খাটিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।
তবে অভিযোগ অস্বীকার করে মো. গোলাপ হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসিনি বা এ বিষয়ে তদবির করিনি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে জমা দেবেন বলে জানান তিনি।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো আওয়ামী লীগ নেতা বা নাশকতার আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ঝিনাইগাতী থানার ওসি মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করে। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরবর্তী সময়ে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

