মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার
তুরাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তুরাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— কামরুল ইসলাম (২১), হযরত আলী (২০) ও মিতুল হাসান (১৯)। তারা রাজধানীর তুরাগ ও আশপাশের এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের একটি দল প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিলের উদ্দেশে জড়ো হচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন উসকানিমূলক লেখা সংবলিত নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারটির দৈর্ঘ্য ৭ ফুট ও প্রস্থ ৩ ফুট।
তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উসকানিমূলক লেখা সংবলিত একটি ব্যানারও জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
