সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ
জবি প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ এএম
অভিযুক্ত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজি, এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
সোমবার (৯ নভেম্বর) এক নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সুমন সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছেন আলাউদ্দিন খন্দকার নামে সদরঘাটের এক লঞ্চ মালিক। চিঠিতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৪৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রবেল মিয়া ও ছাত্রদল নেতা সুমন সরদারের চাঁদাবাজির প্রতিকার কামনা করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আলাউদ্দিন খন্দকার যুগান্তরকে জানান, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে রাজধানীর লালকুঠি ঘাট এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। পরে শ্যামবাজারে ৪৩নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার অফিসে তাকে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। এ সময় ব্যবসায়িক লেনদেনের বিরোধের জেরে তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে তারা ৩ লাখ ৪ হাজার টাকা আদায় করে। এ ছাড়া ১৮ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলা বাজারের চৌরঙ্গী হোটেলের সামনে থেকে তাকে আবারও তুলে নেওয়া হয়। এ সময় সুমন সরদার ও ঢাকা মহানগরের ৪৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়াসহ ১০-১৫ জন উপস্থিত ছিলেন বলে দাবি করেন ভুক্তভোগী। তাকে মোটরসাইকেলে তুলে শ্যামবাজারে রুবেল মিয়ার অফিসে আবারও মারধর করা হয় এবং পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। টাকা পরিশোধ করতে না পারলে তার ২ কোটি টাকা মূল্যের লঞ্চ বুঝিয়ে দিতে হবে বলেও চাপ দেওয়া হয় বলে দাবি তার।
এ ঘটনায় গত ৫ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আলাউদ্দিন। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। তিনি দাবি করেন, এসব ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শোকজ ও অভিযোগের বিষয়ে জানতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

