কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের দুই নেতা। তারা হলেন স্যার এএফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন ও হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় তাদের এ সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন।
ফেরদৌস সিদ্দিক সায়মন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের (সিইজি) চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে তাদের দুজনেরই কাজের সূচনা রাজধানীর নটর ডেম কলেজে অধ্যয়নকালে।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তুরস্ক সফর করবেন।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে পারবেন না বলে ভেবেছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর তিনি সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে এ ব্যবস্থা করা হয়।
এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। এমন প্রেক্ষাপটে কপ-৩১-এর মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জলবায়ু সংকট, তরুণ প্রজন্মের ভাবনা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন এ দুই তরুণ প্রতিনিধি।
ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও সাউথ গ্লোবালভুক্ত দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।
তিনি বলেন, ‘এবারের কপ-৩১ সম্মেলনে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে সোচ্চার থাকব। ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে আর্থিক অনুদান আদায়ের দাবিতে কণ্ঠ তুলব।’

