৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়। কনসার্টে গান পরিবেশন করেছেন নগরবাউল জেমস। তিনি ‘আমার সোনার বাংলা’ গানটিও গেয়েছেন। যেখানে ছিল, ‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...’।
বিএনপি সরকারের আমলে গুরুত্বপূর্ণ দিবসে আয়োজিত গানে বঙ্গবন্ধুর নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। অনেকেই এটিকে বিএনপি সরকারের গণতান্ত্রিক এই মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে রোববার (৮ নভেম্বর) বিকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কথা বলেছেন। তিনি বলেন, গত ১৫ বছর তারা ৭ নভেম্বর উদযাপন করতে পারেননি। তবে গতকাল (৭ নভেম্বর) সমগ্র জাতিকে স্বতঃস্ফূর্তভাবে দিবসটি উদযাপন করতে দেখা গেছে। ৭ নভেম্বর এমন একটি ঐতিহাসিক দিন, যেদিন সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, গত ১৫ বছরে সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশনের সময় বারবার শহীদ জিয়াউর রহমানের অংশ বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে গতকাল তাদের আয়োজিত কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে তারা বাধ্য করেননি। কারণ, তারা চান, সবাই যার যার প্রাপ্য সম্মানটুকু পান।
রাকিব আরও বলেন, আওয়ামী লীগ বারবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। এখন দেশ ছেড়ে পালিয়েও তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশ কোনো সংকটে পড়লে ছাত্রদল সবার আগে রাজপথে নেমে ষড়যন্ত্র নস্যাৎ করবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।
