কবুতর চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কবুতর চুরির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেলের বাড়ি বরিশাল সদর এলাকায়। তিনি সোনারগাঁ উপজেলার ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা চালান সোহেল—এমন অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত জনতা সোহেলকে আটকের পর পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
