বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্যের ত্রি-সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুজনসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিজিবি জানায়, গত ১৫ নভেম্বর রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকায় স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের সহায়তায় ছয়জনের একটি দল থানচি উপজেলা হয়ে তিন দেশের সীমান্তের ত্রি-পিলার এলাকায় যায়। একপর্যায়ে তারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে ত্রি-সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) প্রবেশ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রুমা ব্যাটালিয়নের সদস্যরা ৬৩ ও ৬৪ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু ও শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩) ও পোস্তগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্য লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার জানান, তিন দেশের সীমান্ত এলাকা থেকে ম্রো সম্প্রদায়ের দুজনসহ আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তারা কী উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখায় গিয়েছিলেন, তা জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে আটকদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে।
