স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
মিজানুর রহমান আখন্দ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
এদিকে, তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার (১৪ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নোটিশে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মিজানুর রহমান আখন্দকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী শাহীনা আক্তার বলেন, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তার স্বামী কোনো খোঁজখবর রাখছেন না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি ভরণপোষণও দিচ্ছেন না তিনি। দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে আইনগত অধিকার ও ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন।
শাহীনা আক্তারের অভিযোগ, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান, আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

-6af84cab891d6.jpg)