নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল জানিয়ে দেওয়ার মতো আচরণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন নুসরাত তাবাসসুম।
|
ফলো করুন |
|
|---|---|
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা আড়াল করতেই বাড়িতে আগুনের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্প সাজানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তারা। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির ও সংসদ সদস্য মো. আব্দুল গফুর এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক শর্ট সার্কিটকে কারণ হিসেবে উল্লেখ করছেন। মানুষ বসবাস করেন এমন একটি বাড়িকে তিনি পরিত্যক্ত বলছেন। তদন্তের আগেই মন্ত্রী যদি ঘটনার কারণ জানিয়ে দেন, তাহলে তদন্ত প্রতিবেদনে কী আসবে, তা সহজেই অনুমেয়।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এ ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ। সেই ব্যর্থতা আড়াল করতেই শর্ট সার্কিট ও পরিত্যক্ত বাড়ির গল্প সামনে আনা হচ্ছে।
পরিদর্শন শেষে সংসদীয় বিরোধী দল একটি প্রতিবেদন তৈরি করবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল গফুর বলেন, বিএনপি সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, নুসরাত তাবাসসুম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং বর্তমান জাতীয় সংসদের একজন সদস্য। তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী লঘু করে দেখানোর চেষ্টা করছেন। নিজের ব্যর্থতার দায় এড়াতেই তিনি এমন বক্তব্য দিচ্ছেন। অথচ পলাতক ছাত্রলীগের কুষ্টিয়া জেলা সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত হুমকি দিচ্ছেন এবং ঘটনার দায় স্বীকার করে পোস্ট দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, তিনি এখনো মনে করেন, ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিষয়গুলো দেখে তার বিশ্বাস, এ ঘটনার সঙ্গে দলটির লোকজন জড়িত।
তিনি বলেন, আগের দিন থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন। আশা করেছিলেন, দ্রুত এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল দেখা যায়নি।
নুসরাত তাবাসসুম আরও বলেন, কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে তা ঘটেছে এবং কারা জড়িত, তদন্তে সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু সেদিকে নজর না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তারা কোন শ্রেণি-পেশার কিংবা সেখানে গরু নাকি ছাগল থাকত, এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার নিন্দা জানান তিনি।
তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল জানিয়ে দেওয়ার মতো আচরণও তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এ ধরনের বক্তব্য ও আচরণের তীব্র বিরোধিতা করেন তিনি।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। এতে আরও উপস্থিত ছিলেন দলটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাকিল আহমেদ, সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য সাঈদা জান্নাতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

