নুসরাতের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
নুসরাতের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ক্ষতিগ্রস্ত বাড়িটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো ঘুরে দেখেন এবং অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত কমিটি গঠন ও কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। এ ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি একে ‘পরিকল্পিত নাশকতা’ দাবি করে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
