Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

ছবি: যুগান্তর কোলাজ

Advertisement

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) একটা উদ্যোগ বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। ব্যাক্তিগতভাবে আমি এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলাম। আমাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটা জোট করুক। ইসলামপন্থী দলগুলোর একটা জোট হোক। আর আমরা যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছি (মধ্যমপন্থী)  তারা আমরা একটা এলায়েন্স করবো। 

সেজন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) আমরা এই ৯টি দল একসাথে বেশ কয়েকটি মিটিংও করেছি। 

জোট গঠন করতে না পারার কারণ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দূর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির এবারেই জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই আমাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা সফল হইনি। 

শেষতক এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি’র সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও আমরা টিকিয়ে রাখতে পারিনি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য আমাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে আমরা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছি মনের কষ্ট বুকে চেপে রেখে। 

ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল- তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে। 

আমাদের মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে কি তারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না! অবশ্যই যেতো বলে আমি মনে করি। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় তেমন কোন রাজনৈতিক ফায়দা হয়নি বিএনপির? সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজ- এদের তেমন উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না। 

বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’,  আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো সেটা বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো। 

বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে আমরা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

নুসরাতের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাতের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

আরও পড়ুন

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম