সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
সরেজমিনে গিয়ে ওই জমিতে বালু ভরাটের কাজ করতে দেখা গেছে।
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। তারা হলেন রিয়াজ হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পাউবোর খালি জমিতে তারা ঘর নির্মাণ করেছেন।
এবার সেখানে পাকা স্থাপনা নির্মাণের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে ওই জমিতে বালু ভরাটের কাজ করতে দেখা গেছে।
দখলকারী রিয়াজ ভবানীগঞ্জ মিয়ার বেড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সোহাগ ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি। জমি দখলে তাদের সহযোগিতা করছেন তারেক, রুবেল, রাজু, রাজা ও সোহেল। তারা সবাই মিয়ার বেড়ি এলাকার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পাউবোর জমি লিজ না নিয়েই দুই মাস আগে টিনের ঘর নির্মাণ করেন ওই দুই নেতা। এখন পাকা স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে সেখানে ইট-বালু আনা হয়েছে। লোকবল দিয়ে জমিতে বালু ভরাটের কাজও চলছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বসার নির্দিষ্ট স্থান না থাকায় জায়গাটিতে বালু ফেলে ঘর নির্মাণ ও মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছে। তবে জায়গাটি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে পাউবোর কর্মকর্তা সাকি হোসেন ও সার্ভেয়ার শাহরিয়ার হোসেন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির হোসাইন বলেন, জমি দখলের ঘটনায় প্রাথমিকভাবে থানায় অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে নির্মিত ঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

-6af71fd7076d2.jpg)