মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে একটি মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থদের মধ্যে অনেকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিসের আয়োজন করা হয়। তিনি বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। মজলিসের আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন।
মজলিসে খাবার গ্রহণের পর থেকেই একে একে অনেকের ডায়রিয়াসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পরবর্তী সময়ে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকলে তাদের স্থানীয় হাসপাতালসহ গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা জানতে খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের তদন্ত প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন।
এ ব্যাপারে গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে খুব শিগগিরই তারা সুস্থ হয়ে উঠবেন।

-6af7242f9c56d.jpg)